কক্সবাজারে যৌথভাবে ঈদ-পরবর্তী সৈকত পরিচ্ছন্নতা সচেতনতা কার্যক্রম শুরু

0
কক্সবাজারে যৌথভাবে ঈদ-পরবর্তী সৈকত পরিচ্ছন্নতা সচেতনতা কার্যক্রম শুরু

ঈদুল ফিতর পরবর্তী সময়ে সৈকত পরিচ্ছন্ন রাখতে কক্সবাজারে তিনদিনব্যাপী বিশেষ সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ, দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তা এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের সহযোগিতায় ২৪ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

‘প্লাস্টিকস সার্কুলারিটি প্রজেক্ট’-এর আওতায় বাস্তবায়িত এই উদ্যোগে কক্সবাজারের লাবণী ও সুগন্ধা সৈকত পয়েন্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় সুগন্ধা সৈকত পয়েন্টে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. এ. মান্নান। এছাড়া কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কার্যক্রমের আওতায় সচেতনতামূলক র‍্যালি, পর্যটক ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য বিন স্থাপন করা হয়েছে। প্রতিদিন ৩০ জন যুব স্বেচ্ছাসেবক ও ২০ জন পরিচ্ছন্নতা কর্মী সৈকত এলাকায় কাজ করছেন।

এছাড়া পর্যটন পুলিশের কাছে ৩০টি বর্জ্য বিন হস্তান্তর করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে সৈকতে বর্জ্য কমবে, জনসচেতনতা বাড়বে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here