বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৪টায় সিডনির ভ্যালেন্টাইনস পার্ক ওভালে।
আয়োজকদের পক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আবদুল খান রতন বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নারী দলের এই প্রীতি ম্যাচ ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি তিনি কমিউনিটি সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। অস্ট্রেলিয়ার অন্যতম শক্তিশালী ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামা দলটির জন্য আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবাইকে মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচটির তথ্য প্রচারের অনুরোধ জানানো হয়েছে, যাতে আরও বেশিসংখ্যক দর্শক এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন।
বাংলাদেশ নারী দলের এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ প্রবাসে দেশের ফুটবলের জন্য এক গর্বের অধ্যায় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

