প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তার পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
বিমানবন্দর সূত্র জানায়, ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন। সপরিবারে দেশে ঈদ উদযাপন শেষে তার এই বিদেশযাত্রা অনুষ্ঠিত হলো।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।
এর আগে শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঢাকায় ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা রহমান। সূত্র : একাত্তর টিভি

