ওমানকে গুঁড়িয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া

0
ওমানকে গুঁড়িয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া

ওমানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নিজেদের শেষ ম্যাচটা বড় শান্ত্বনার জয়ে মাঠ ছাড়ল অজিরা।

শুক্রবার ক্যান্ডিতে প্রথমে ব্যাট করে ওমান সবকটি উইকেট হারিয়ে তোলে মাত্র ১০৪ রান। জবাবে ১০৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে এবং ৬২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

ওপেনিং জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ট্রাভিস হেড ও মিচেল মার্শ মিলে গড়েন ৯৩ রানের ঝোড়ো জুটি। তবে ব্যক্তিগত ৩২ রানে থামতে হয় হেডকে। এরপর জশ ইংলিশকে সঙ্গে নিয়ে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক মার্শ। মাত্র ৩৩ বলে ফিফটি ছুঁয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ইংলিশ করেন ৬ বলে ১২ রান।

এর আগে অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৪ রানেই থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলি। হাম্মাদ মির্জা করেন ১৬, জতীন্দর সিং ১৭ এবং কারান সোনাভালে ১২ রান। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ২১ রানে নেন চার উইকেট। জাভিয়ার ব্রার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল দুটি করে উইকেট নেন। বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন অন্য দুই বোলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here