ওজনে কম দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

0
ওজনে কম দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

চট্টগ্রাম নগরে বিএসটিআইয়ের অভিযানে দুটি পেট্রোল পাম্পকে ওজনে তেল কম দেওয়ার অভিযোগে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে পরিচালিত পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়।

অভিযানে নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু। 

এদিকে, নগরের কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামের পেট্রোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২(৩) ধারা অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ৪৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয় পেশকারের দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here