এশিয়া কাপে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবার বাংলাদেশের সোনা জয়

0
এশিয়া কাপে কম্পাউন্ড ইভেন্টে প্রথমবার বাংলাদেশের সোনা জয়

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১ এ পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। 

ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে এই সাফল্য পায় লাল-সবুজের প্রতিনিধিরা। হিমু বচ্চার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল শুরু থেকেই এগিয়ে ছিল। প্রথম সেটে তারা ৫৭ পয়েন্ট তুললে ভিয়েতনাম পায় ৫৫। এরপর পুরো ম্যাচেই লিড ধরে রাখে বাংলাদেশ।

চতুর্থ সেটে ভিয়েতনামের চেয়ে এক পয়েন্ট কম পেলেও মোট ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ সেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৬০-এর মধ্যে ৫৯ পয়েন্ট সংগ্রহ করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। এই জয়ের মাধ্যমে এশিয়া কাপে পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতল বাংলাদেশ। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার বাইরে কম্পাউন্ড ইভেন্টে এটিই বাংলাদেশের প্রথম স্বর্ণ।

বাংলাদেশ আর্চারি দলের সহকারী কোচ নূর এ আলম জানান, এর আগে ২০২১ সালে দক্ষিণ কোরিয়া ও ২০২২ সালে ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপে পুরুষ দলগত ইভেন্টে রুপা জিতেছিল বাংলাদেশ।

এই স্বর্ণপদক হিমু, আইশ্বর্য ও রাকিব তিন আর্চারেরই প্রথম আন্তর্জাতিক স্বর্ণ। এর আগে হিমু দক্ষিণ কোরিয়া ও ইরাকে রুপা জয়ী দলে ছিলেন, আর রাকিব ইরাক আসরে রুপা জিতেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here