গোলের জন্য দলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপের চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে এই ফরাসি ফরোয়ার্ডের অনুপস্থিতি নিয়েও নীরব ছিল ক্লাবটি। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া জানিয়েছেন, এমবাপের শারীরিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে দল।
ডিসেম্বরের শুরু থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন এমবাপে। চোটের কারণে তার পারফরম্যান্সে প্রভাব পড়েছে এবং কয়েকটি ম্যাচ মিসও করেছেন তিনি। আগামী সোমবার লা লিগায় গেতাফের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, ধৈর্য ধরেই এমবাপের পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় আছেন তারা।
রিয়াল কোচ বলেন,’এমবাপের কী সমস্যা, তা আমরা জানি। আমরা চাই সে এই অস্বস্তি থেকে পুরোপুরি সেরে উঠুক এবং সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়ে শতভাগ ফিট হয়ে মাঠে নামুক।’
তিনি আরও যোগ করেন, ‘প্রতিদিনই আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করছি। সে কেমন অনুভব করছে এবং কতটা উন্নতি করছে, সেটিই বিবেচ্য। এই মুহূর্তে ফেরার নির্দিষ্ট সময়সীমা না দেওয়াই ভালো। আমরা চাই সে শতভাগ ফিট হয়ে ফিরুক, আর সেটি নিশ্চিত হলেই তাকে দলে নেওয়া হবে।’
এদিকে, ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

