বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৫৯ পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এখন পর্যন্ত আবেদন করেছেন ৭৮ হাজার ৭১১ জন শিক্ষক। প্রার্থীরা বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদনের সুযোগ পাবেন। এবারই প্রথম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রক্রিয়া চলছে।
এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আবেদন করার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। আর ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।
এনটিআরসিএর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে।
সহকারী প্রধান শিক্ষককের ৩ হাজার ৮৭২টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ২৬ হাজার ৮২৬ জন।
সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানের শিক্ষক পদে। ৩ হাজার ৯২৩টি প্রধান শিক্ষক পদে আবেদন করেছেন ১৯ হাজার ৮৩৮ জন শিক্ষক।
তৃতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ডিগ্রি পাস কলেজের উপাধ্যক্ষ পদে। ডিগ্রি কলেজের উপাধ্যক্ষে ৬২৭টি শূন্যপদের নিয়োগ পেতে আবেদন করেছেন ৬ হাজার ৮২ জন।
এছাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ২০২টি শূন্যপদের বিপরীতে ১ হাজার ২৩৩ জন, কামিল মাদ্রাসার অধ্যক্ষের ৩৪টি শূন্যপদের বিপরীতে ৫৩৩ জন, আলিম মাদ্রাসার অধ্যক্ষের ২১৯টি পদে ১ হাজার ৫১৮ জন, ডিগ্রি কলেজের অধ্যক্ষের ৫৮৪টি শূন্যপদের বিপরীতে ৫৫০ জন, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষের ৫১১টি শূন্যপদের বিপরীতে ৫ হাজার ৬৩০ জন, উচ্চমাধ্যমিক স্কুলের অধ্যক্ষের ২৫৭টি শূন্যপদের বিপরীতে ৩ হাজার ১৮০ জন, বিএম কলেজের অধ্যক্ষের ১১০টি শূন্যপদের বিপরীতের ৭১২ জন শিক্ষক আবেদন করেছেন।
আর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষের ৩৪৩টি শূন্যপদের বিপরীতের ৯৯৫ জন, কামিল মাদ্রাসার উপাধ্যক্ষের ৫৩টি শূন্যপদের বিপরীতে ৩৯০ জন, আলিম মাদ্রাসার উপাধ্যক্ষের ৩৭৭টি শূন্যপদের বিপরীতে ৭২৫ জন, দাখিল মাদ্রাসার সুপারের ৮৯৯টি শূন্যপদের বিপরীতে ২ হাজার ৬৪৫ জন, দাখিল ভোকেশনাল প্রতিষ্ঠানের সুপারের ৪০টি শূন্যপদের বিপরীতে ৪৯২ জন, দাখিল মাদ্রাসার সহকারী সুপারের ১ হাজার ৪টি শূন্যপদের বিপরীতে ২ হাজার ৯৮৭ জন এবং নিম্নমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের ৫০৪টি শূন্যপদের বিপরীতে ৪ হাজার ৩৭৫ জন শিক্ষক আবেদন করেছেন।
নৈর্ব্যক্তিক প্রশ্নে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা, ১২ নম্বরের মৌখিক পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর ৮ নম্বর-এই মোট ১০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষা পদ্ধতিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের এসব পদে নিয়োগের প্রার্থী নির্বাচন করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছেন।

