এমনও হয়! একজন কর্মীর জন্য সব ফ্লাইটের টিকিট কিনে নিল কোম্পানি

0
এমনও হয়! একজন কর্মীর জন্য সব ফ্লাইটের টিকিট কিনে নিল কোম্পানি

মেক্সিকোর অস্থির পরিস্থিতির মধ্যে একজন কর্মীকে নিরাপদে ফেরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির এই পদক্ষেপ এখন বিশ্বজুড়ে আলোচনায়। মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে এল মেনচোর মৃত্যুর পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা, বাতিল হতে থাকে ফ্লাইট, বিশৃঙ্খলায় পড়ে যায় প্রধান বিমানবন্দরগুলো।

ঠিক সেই সময় গুয়াদালাহারা বিমানবন্দরে আটকে ছিলেন সান ফ্রান্সিসকোভিত্তিক ক্লাউড প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান ভারসেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড্রু বারবা ও তাঁর স্ত্রী। সহিংসতা বাড়তে থাকলে তারা বিমানবন্দরের একটি শৌচাগারে আশ্রয় নেন। ইন্টারনেট সংযোগ দুর্বল, একের পর এক ফ্লাইট বাতিল, চারদিকে অনিশ্চয়তা।

পরিস্থিতি জানার পর ভারসেলের শীর্ষ নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত নেয়। গুয়াদালাহারা থেকে যুক্তরাষ্ট্রগামী প্রতিটি ফ্লাইটের টিকিট বুক করা হয়, যেন অন্তত একটি ফ্লাইট চালু থাকলেই বারবা ও তাঁর স্ত্রী উঠতে পারেন।

শেষ পর্যন্ত সেই কৌশল সফল হয়। একটি ফ্লাইটে করে তারা নিরাপদে টেক্সাসের ডালাসে পৌঁছান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বারবা জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্ল্যান এ এর পাশাপাশি প্ল্যান বি এবং প্ল্যান সি ও প্রস্তুত ছিল। সংকট মুহূর্তে এই সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অনেকে এটিকে নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, এমন সুযোগ সবার থাকে না। তবু অস্থিরতার মধ্যে একজন কর্মীকে ফেরাতে কোম্পানির এই উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here