এভারটনের মাঠে কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত হাসলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সোমবার এভারটনকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষ চারে ওঠে গেছে রেড ডেভিলরা।
এভারটনের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম হাফে বল নিজেদের দখলে রাখলেও, আক্রমণে তেমন গোছানো ছিল না ম্যানইউর। স্বাগতিক এভারটনও সুযোগ তৈরিতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট।
বিরতির পর ম্যাচের গতি বাড়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। এই সময় তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিল এভারটন। তবে সব পরিকল্পনায় ছেদ পড়ে ৭১তম মিনিটে। বদলি হিসেবে নামার মাত্র ১৩ মিনিটের মাথায় এক দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে জয়সূচক গোলটি করেন বেঞ্জামিন শেস্কো।
এরপর দুই দলই কিছু চেষ্টা করলেও আর গোলের দেখা মেলেনি। প্রথম দেখায় ১-০ ব্যবধানে হারার প্রতিশোধটা এভাবেই সুদে-আসলে তুলে নিল ম্যানইউ।
২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে এভারটন। অন্যদিকে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে।

