এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির

0
এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়া হবে—এমনই সতর্কবার্তা দিয়েছে তারা।
 চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান ইতোমধ্যেই বিশ্বের তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে চলাচল অনেকটাই সীমিত করে দিয়েছে। এই প্রণালি দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়।

ইরানের সশস্ত্র বাহিনীর এক বিস্তারিত বার্তায় বলা হয়েছে, যদি দেশের বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা হয়, তাহলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা আর খোলা হবে না।

শুধু তাই নয়, ওই বার্তায় আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে—ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। পাশাপাশি, যেসব দেশের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়া হবে।

এ পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতারাও একই সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও সতর্ক করে বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলের তেল ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here