দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা ইংলিশ ব্যাটিং কিং কেভিন পিটারসেন এবার আইপিএল মৌসুমে ডাগআউটে থাকবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিন্দিতে নিজের সিদ্ধান্তের বিষয়টি জানান তিনি।
পিটারসেন লিখেছেন, ‘এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে থাকতে পারছি না। এই কাজের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এবারের মৌসুমের সব ক্রিকেটারকে শুভকামনা। তবে ধারাভাষ্যকক্ষ থেকে তোমাদের দেখব। আইপিএল বিশ্বের সেরা লিগ, খুব শিগগিরই সবাইকে দেখতে মুখিয়ে আছি।’
২০২৫ আইপিএল মৌসুমের আগে পিটারসেনকে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দলের ক্রিকেট পরিচালক ভেনুগোপাল রাও, প্রধান কোচ হেমাং বাদানি, সহকারী কোচ ম্যাথু মট ও বোলিং কোচ মুনাফ প্যাটেলের সঙ্গে কাজ করতেন।
গত আইপিএলের মাঝপথে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মালদ্বীপে যাওয়ায় সমালোচনার মুখোমুখি হয়েছিলেন পিটারসেন। ভারতীয় কিপার-ব্যাটসম্যান লোকেশ রাহুলও তখন মেন্টরের দায়িত্ব নিয়ে তাকে খোঁচা দিয়েছিলেন।
২০২৫ আইপিএলে দিল্লি ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিল। এবারের আইপিএল ২৮ মার্চ শুরু হবে। দিল্লির প্রথম ম্যাচ হবে ১ এপ্রিল, যেখানে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টের সঙ্গে মুখোমুখি হবে দলটি।

