একান্নবর্তী পরিবারের গল্প ‘কিচেন পলিটিক্স’

0
একান্নবর্তী পরিবারের গল্প ‘কিচেন পলিটিক্স’

একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’। সপ্তাহে তিনদিন প্রচার হচ্ছে নাটকটি।

একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে বৈশাখী টেলিভিশনে দেখা যাবে নাটকটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, শনিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘কিচেন পলিটিক্সের’ প্রথম পর্ব।

এছাড়াও প্রতি সপ্তাহের শনিবার থেকে সোমবার দেখা যাবে নাটকটি। অনিকেতের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। এই নাটক দিয়ে দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও নাটক লেখায় ফিরেছেন অনিকেত।

নাটকটি নিয়ে অনিকেত বলেন, একটি একান্নবর্তী পরিবারকে ঘিরেই গড়ে উঠেছে ‘কিচেন পলিটিক্স’ নাটকের কাহিনী। এটি মূলত একটি সামাজিক স্যাটায়ার গল্প। গল্পের বাবা একজন আদর্শবান রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। পরিবারে তার তিন ছেলে, স্ত্রী এবং দুই ছেলের বউ। এই পরিবারের গল্প নিয়ে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

এতে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু,শাহজাদা সম্রাটসহ অনেকে।

অনিকেতের লেখা প্রথম নাটক ‘মন কি যে চায়’। যা প্রচার হয়েছিল ২০০১ সালে। এরপর একে একে তিনি ‘ট্রায়াঙ্গেল’, ‘জলজোসনা’, ‘আমি রবো নীরবে’, ‘ট্রুলি ডিপলি মেডলি’, ‘ট্রানজিশন গার্ল’, ‘ফান উইথ ম্যাডাম ইংগা’, ‘সুনিশ্চিত সীমান্তে’, ‘পথে যেতে যেতে’, ‘লাইফ’, ‘ফ্রেন্ডশিপ’, ‘দি ইনফরমেশন’, ‘প্রথম প্রহর’, ‘প্রাইভেট ইনভেস্টিগেটর’, ‘সোসাইটি’, ‘হাই টেনশন’, ‘কাছে দূরে’, ‘স্বপ্নচূড়া’, ‘মনকরা’, ‘রান’সহ বহু নাটক লিখে আলোচনায় আসেন। তবে ২০১০ সালের পর থেকে আর নাটকে পাওয়া যায়নি অনিকেতকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here