শেরপুরের নকলা উপজেলায় একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বানেশ্বরদী পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার মৃত মিরা মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫৫) এবং কুবেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৪৫)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মিন্টু ও আঙ্গুর ক্ষেতে ধানের বীজ রোপণ করছিলেন। পাশেই অপর কৃষক সামেদুল হক তার নিজস্ব বৈদ্যুতিক পানির পাম্পের তার মেরামত করছিলেন। তারে লিকেজ থাকায় সামেদুল বিদ্যুতায়িত হয়ে আটকে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে যান মিন্টু ও আঙ্গুর। এ সময় তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই মিন্টু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আঙ্গুর মিয়াকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত সামেদুল হককে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন, তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

