ঋতুপর্ণা-কৌশিক-চঞ্চল এবার ‘ত্রিধারা’য় একসাথে

0
ঋতুপর্ণা-কৌশিক-চঞ্চল এবার ‘ত্রিধারা’য় একসাথে

দুই বাংলার তিন জনপ্রিয় অভিনয়শিল্পী—ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় ও চঞ্চল চৌধুরী—প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক অমিতাভ ভট্টাচার্য পরিচালিত নতুন ছবি ‘ত্রিধারা’-তে দেখা যাবে এই তিনজনকে।

ছবির প্রযোজনায় রয়েছেন অমিত মুখোপাধ্যায়। প্রাথমিক কথাবার্তা চললেও দর্শকদের প্রত্যাশা, এই ছবি মুক্তি পেলে দুই বাংলার অভিনয়প্রেমীরা এক ফ্রেমে তিন কিংবদন্তিকে দেখতে পাবেন।

‘ত্রিধারা’ নাম থেকেই স্পষ্ট, এটি তিনটি ভিন্ন জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। প্রেম, অতীত এবং জীবনের বাস্তবতা—এই ত্রিমুখী রসায়নের জটিলতায় গাঁথা হবে সিনেমার কাহিনি।

চরিত্রদের জীবনে ২৫ বছর আগেকার প্রেম হঠাৎ ফিরে এলে কীভাবে তা বর্তমানকে এলোমেলো করে দেয়, কীভাবে মানুষ নিজের ভাঙা জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করে—এই টানাপড়েনকে কেন্দ্র করেই নির্মিত হবে ‘ত্রিধারা’।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি, প্রাথমিক পর্যায়ে কলাকুশলীদের সঙ্গে আলোচনা চলছে। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী কেউই এ নিয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এদিকে, কৌশিক গঙ্গোপাধ্যায় বর্তমানে ব্যস্ত আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ছবি ‘গৃহপ্রবেশ’ নিয়ে। ছবিতে আরও রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিতু কমল, সোহিনী সেনগুপ্ত ও রুদ্রনীল ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here