উপজেলা পর্যায়ের ক্রিকেটারদের ডাটাবেজ থাকবে: বিসিবি সভাপতি

0
উপজেলা পর্যায়ের ক্রিকেটারদের ডাটাবেজ থাকবে: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, প্রতিটি উপজেলা পর্যায়ের ক্রিকেটারদের ডাটাবেজের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। যেখানে ব্যাটসম্যান-বোলার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড়ের তথ্য থাকবে। 

আজ রবিবার (২৯ জুন) বেলা ১২টায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ২৫ বছর (রজত জয়ন্তী) উপলক্ষ্যে বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জেলার কোচরা প্রতিটি উপজেলার খেলোয়াড়দের সম্পর্কে অবগত থাকবে—কয়জন লেগ স্পিনার, পেসার কিংবা ব্যাটসম্যান রয়েছে, তা তারা জানবে। এরপর জেলা কোচ সেই তথ্য বিভাগীয় পর্যায়ে জানাবে। এর মাধ্যমে বিভাগীয় পর্যায়ে একটি শক্তিশালী দল গঠন সম্ভব হবে এবং তখন আর কাউকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা চাই বরিশালের খেলোয়াড়রা বরিশালের নিজস্ব কাঠামোর মধ্যেই বরিশালকে প্রতিনিধিত্ব করুক।।

তিনি আরও বলেন, বিভাগীয় পর্যায়ের হেডকোয়ার্টারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছোট একটি অফিস থাকবে। যেখানে একজন ক্রিকেটের প্রধান থাকবেন এবং তার অধীনে একজন হাই পারফরমেন্স কোচ থাকবে। এখানে যত ধরনের ক্রিকেট হবে সব তার তত্ত্বাবধায়নে হবে। তবে আমরা নরমাল ক্রিকেট গ্রোথকে ডিস্টার্ব করবো না।

বিসিবি সভাপতি বলেন, আমি ২৯ দিন হয়েছে ক্রিকেট বোর্ডে এসেছি। এখনই আমি কোন প্রতিশ্রুতি দিতে পারবো না। তবে এখানে বিপিএল হলে যোগাযোগ ব্যবস্থার কারণে এ স্টেডিয়ামের গ্যালারি ফুল হয়ে যাবে এটা বলতে পারি। আর এজন্য আমি ক্রিকেট বোর্ডকে স্ট্রংলি বলতে পারবো। এ মাঠ উন্নয়ন করে বরিশালকে কীভাবে আরও অ্যাকটিভ ক্রিকেট বিভাগ হিসেবে পরিচালনা করতে পারি সে জন্য খুব চেষ্টা করছি আমরা।

১০-১৫ বছর বরিশালে লীগ হচ্ছে না— এমন আক্ষেপ প্রকাশ করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, লীগ না হলে একটি ছেলের সাথে আপনি অবিচার করছেন। সোহাগ গাজী, কামরুলসহ এখানকার প্লেয়ারদের নিয়ে আমরা গর্ব করি। কিন্তু খেলা না হওয়ার কারণে কত হাজার ক্রিকেটার আমরা নষ্ট করে ফেলেছি সেটা ভেবে আমরা লজ্জা পাই না! এখানে ক্রিকেট কোচিং কোর্স হয় না, আম্পায়ারিং কোচিং কোর্স, কিউরেটর কোচিং কোর্স হয় না। তবে ছোট ক্রিকেট বোর্ডের যে অফিস হবে এখানে সেটার মাধ্যমে এ কাজগুলো ইনশাআল্লাহ করা হবে। এজন্য বরিশালবাসীর সবার সহযোগিতা প্রয়োজন হবে।

বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধনকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পাশাপাশি বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস ও সোহাগ গাজীসহ জেলা ও মহানগর  ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনূর্ধ্ব ১২ বালক-বালিকাদের সিক্স এ সাইড, পেস হান্টার, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা হয়। যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট অনুরাগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here