বাউল গানের আসরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত দেড় বছরে নৈরাজ্যের সুযোগ নিয়ে বাউল ও আমাদের লোকজ সংস্কৃতিবিদ্বেষী বিশেষ মহল ধারাবাহিকভাবে এই ধরনের হামলা আক্রমণ চালিয়ে এসেছে। কিন্তু এদের উপযুক্ত বিচার হয়নি, শাস্তি হয়নি। সে কারণে এখনও তারা বেপরোয়া। উগ্রবাদীদের এসব অপতৎপরতা কোনভাবেই আর বরদাস্ত করা যাবে না।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শত বছর ধরে চলে আসা এই বাউল গানের অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ করে দুর্বৃত্তদের হামলা অবিশ্বাস্য ও বিশ্বয়কর। দেশে এখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায়। এসময়ে সাধারণ মানুষের অংশগ্রহণে বাউল গানের অনুষ্ঠানে হামলা ভাঙচুর ও হুমকি প্রদান চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন, এই অশুভ তৎপরতা ১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে এই ধরণের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি। তিনি অনতিবিলম্বে বিশ্বনাথের ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২২ মার্চ রবিবার সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামের হযরত ইব্রাহীম শাহ’র মাজারের কাছে বাউল গানের আসরে একদল দুর্বৃত্তদের হামলা চালায়।

