উইমেন’স এশিয়ান কাপ : উত্তর কোরিয়ার কাছেও হারলো বাংলাদেশ

0
উইমেন’স এশিয়ান কাপ : উত্তর কোরিয়ার কাছেও হারলো বাংলাদেশ

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত এই ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  

এর আগে, নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চীনের বিপক্ষেও হারের স্বাদ পায় বাংলাদেশ। টানা দুই হারে শঙ্কায় পড়ে গেছে পিটার জেমস বাটলারের দলের উইমেন’স এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা। চীনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে গ্রুপ পর্ব শুরু করা বাংলাদেশ দুইটি পরিবর্তন এনে উত্তর কোরিয়া ম্যাচের একাদশ সাজায়। উমহেলা মারমা ও শিউলি আজিমের বদলে তহুরা খাতুন ও আইরিন খাতুনকে রেখে শুরু করেন বাংলাদেশ কোচ।

উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে আসা উত্তর কোরিয়া শুরু থেকে চাপ দিতে থাকে বাংলাদেশের রক্ষণে। তবে প্রথমার্ধে ভিএআর প্রযুক্তির কল্যাণে বড় বিপদ থেকে কয়েকবার রক্ষা পায় বাংলাদেশ। উত্তর কোরিয়ার তিনটি গোল ভিএআর এর মাধ্যমে বাতিল হয় যার একটি ছিল হ্যান্ডবল, একটি গোলরক্ষককে ফাউল এবং অন্যটি অফসাইড। এছাড়া ৩৫ মিনিটে কোরিয়ানদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। গোলরক্ষক মিলি আক্তারও বেশ কিছু দুর্দান্ত সেভ করেন।

ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময় পর্যন্ত স্কোরলাইন ০-০ থাকলেও যোগ করা ৬ মিনিটের ইনজুরি টাইমে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। বক্সের ভেতর কোরিয়ান খেলোয়াড়কে জার্সি টেনে ধরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে এগিয়ে যায় উত্তর কোরিয়া। এর দুই মিনিট পর রক্ষণভাগের ভুলে ব্যবধান ২-০ করে তারা।

বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে খেলার চেষ্টা করেন ঋতুপর্ণা-আফিদারা। তবে শক্তিশালী উত্তর কোরিয়ার কৌশলী ফুটবলের সামনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল হজম করতে হয় লাল-সবুজের দলকে। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর কোরিয়া।

আগামী সোমবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন গ্রুপে তৃতীয় হওয়াদের মধ্যে সেরা দুই দলের একটি হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে এ ম্যাচে জিততেই হবে আফঈদা-ঋতুপর্ণাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here