ঈদ পুনর্মিলনীতে শেরপুর বিএনপির ঐক্যের ডাক

0
ঈদ পুনর্মিলনীতে শেরপুর বিএনপির ঐক্যের ডাক

শেরপুর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে দলীয় ঐক্য জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে ঐক্যের ডাক দেন।

রবিবার (২২ মার্চ) রাতে শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে আহ্বায়ক মো. হযরত আলীর বাসভবনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. হযরত আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শহর বিএনপির আহ্বায়ক ও পিপি আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, বিএনপি নেতা সামিউল ইসলাম আতাহার, সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, রফিকুল আলম শিপন, আব্দুল মালেকসহ ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীবৃন্দ।

পুনর্মিলনীতে জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণ করা হয়। পরাজয়ের পরও আগামী দিনের রাজনীতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাত শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, যারা দলের প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেছেন, তাদের দলে স্থান না দেওয়ার দাবি জানানো হয়।

ডা. প্রিয়াঙ্কা বক্তব্যে বলেন, দলীয় গ্রুপিং বিএনপিকে দুর্বল করছে। তিনি বলেন, পরাজিত হলেও দলকে গোছাতে মানুষের পাশে থাকবেন। বর্তমানে শেরপুর জেলা বিএনপির কমিটি না থাকায় সাংগঠনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
দ্রুত সাংগঠনিক কাঠামো গঠনের লক্ষ্যে সাবেক জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীকে পুনরায় আহ্বায়ক করার বিষয়ে লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here