আসন্ন ঈদকে সামনে রেখে দূরপাল্লার পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পরিবহন কাউন্টারে সচেতনতামূলক পরিদর্শন চালানো হয়েছে। একই সঙ্গে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সরবরাহ ও তা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা বড় বাজার ও বাস টার্মিনালে অবস্থিত বিভিন্ন পরিবহন কাউন্টারে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস।
বিআরটিএ চুয়াডাঙ্গা অফিস সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের ঈদযাত্রা সহজ করতে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এ লক্ষ্যে বিআরটিএ থেকে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ এবং বাস-মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের কাছে সরকার নির্ধারিত ভাড়ার তালিকাসহ চিঠি পাঠানো হয়েছে।
পরিদর্শনের সময় পরিবহন কাউন্টারগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সরবরাহ করা হয় এবং তা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. নাহিদ হাসান, উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) সালাহউদ্দিন এবং নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

