লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি দোকানের নির্মাণাধীন দেওয়াল ধসে চাপা পড়ে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ফাহাদ তার মায়ের সঙ্গে বাজারে ঈদের পোশাক কিনতে এসেছিলেন। চোখের সামনে ছেলের মৃত্যু দেখে তার মা অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় আল মনসুত ড্রাগ হাউসের নির্মাণাধীন দোকানের দেওয়াল ধসে এ ঘটনা ঘটে।
এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে উপজেলার ইছাপুর ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলমের কোমর ভেঙে গেছে বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ফাহাদ রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আহমদ আলী গাজী বাড়ির সৌদি প্রবাসী আলমগীর হোসেন বকুলের ছেলে ও স্থানীয় নিচহরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহাদ তার মা নাছিমা বেগমের সঙ্গে বাজারে ঈদের পোশাক কিনতে ও সেলাই মেশিন মেরামতের জন্য আসেন। আল মনসুর ড্রাগ হাউসের পাশেই তারা সেলাই মেশিনটি ঠিক করতে দিয়েছিলেন।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, ছেলেটি তার মায়ের সঙ্গে আল মনসুর ড্রাগ হাউসের সামনে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে ডান দিকে পা বাড়াতেই দেওয়াল তার ওপর ধসে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ফাহাদ ও তার মা পথচারী ছিলেন। দেওয়াল ধসে পড়ে ফাহাদ মারা গেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তার মা-ও আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি, তদন্ত চলছে।

