ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

0
ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

ঈদের আনন্দের মধ্যেই দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস মিলছে। সম্ভাব্য ঈদের দিন শনিবার সারা দেশে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, ঈদের দিন সকাল ও সন্ধ্যা মিলিয়ে দুই দফায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। রাজধানী ঢাকাও এর বাইরে থাকবে না, এখানেও ঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ঈদের আগের দিন মধ্যরাতের পর ভারতের বিহার, পশ্চিমবঙ্গ হয়ে ঝড়টি বাংলাদেশের রাজশাহী, রংপুর বিভাগে প্রবেশ করে ধীরে ধীরে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে অগ্রসর হতে পারে।

বিশ্লেষণে তিনি জানান, সাধারণত রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, এরপর সকাল ৬টা থেকে ১০টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা এবং সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সিলেট, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলে ঝড়টি অতিক্রম করে। সে অনুযায়ী ঈদের দিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঢাকায় কালবৈশাখী আঘাত হানতে পারে।

তবে নির্দিষ্ট সময় এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া ঈদের আগের দিন ও পরের দিনও দেশের বিভিন্ন স্থানে ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে, পরে আবার বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here