ঈদের ছুটির সুযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি কদমগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, গত ১৯ তারিখ দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকার সুযোগে পরিকল্পিতভাবে গাছটি কেটে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান জানান, ‘ঈদের ছুটির সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে স্কুলের কদমগাছটি কেটে নিয়ে গেছে। বিষয়টি জানার পর আমরা বাঞ্ছারামপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।’
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

