ঈদের ছুটিতেও বিএমইউতে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৬৮৫ রোগী

0
ঈদের ছুটিতেও বিএমইউতে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৬৮৫ রোগী

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা চলছে। আজ বৃহস্পতিবার একদিনে বহির্বিভাগে মোট ৬৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের উদ্যোগে এসব পরীক্ষা পরিচালিত হয়।

এছাড়া, ঈদের ছুটির বন্ধের দিনগুলোতেও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের মাধ্যমে এক্স-রে ও সিটি স্ক্যান সেবা চালু রয়েছে। হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগও স্বাভাবিক নিয়মে খোলা রাখা হয়েছে।

বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বৃহস্পতিবার ১৯ মার্চ এবং আগামী রবিবার ২২ মার্চ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করছেন। একইসঙ্গে ইনডোর ও জরুরি বিভাগের সেবা সচল রাখতে আরও প্রায় ৫০০ জন জনবল দায়িত্ব পালন করছেন। আগামী ২২ মার্চও বহির্বিভাগ খোলা থাকবে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের এবং সহকারী পরিচালক (হাসপাতাল) মো. মাহবুবুল হক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আজকের সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের জামাত ঈদের দিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ঈদের দিন রোগীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া ঈদ-পরবর্তী পুনর্মিলনী আগামী ২৪ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহও স্বাভাবিক নিয়মে খুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here