আসন্ন ঈদের আগে দেশের সব সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা শাখা।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে নেতারা বলেন, ঈদের আগে সব শ্রমিকদের এক মাসের বেতনের সমান ঈদ বোনাস ও সব বকেয়া পাওনাসহ মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে হবে। সময়মতো শ্রমিকরা টাকা না পেলে ঈদে বাড়ি ফেরা সম্ভব হয় না। এসব বিবেচনায় নিয়ে শ্রমিকদের সব বকেয়া-পাওনা প্রাপ্তি নিশ্চিত করতে বিকেএমইএ, বিজিএমইএ ও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঈদকে কেন্দ্র করে শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা সহ্য করা হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি তপন কুমার রায়, সাবেক সভাপতি আ. হাই শরীফ।
আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, নুরুল ইসলাম, কিশোর লাল ও নির্মাণশ্রমিক নেতা আবুল বাসারসহ অনেকে।

