পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া প্রধান ঈদজামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং একই সময়ে কালেক্টরেট জামে মসজিদে নারীদের জন্য পৃথক জামাতের ব্যবস্থা রাখা হবে মর্মে সিদ্ধান্ত হয়। জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ সমন্বয়ের মাধ্যমে সকল ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ, মোছা. নাজমা নাহার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী এবং জেলার বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ।
পরিশেষে সভাপতি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

