লেবাননে আগ্রাসন ও স্থল অভিযানের পাল্টা জবাবে এবার ইসরায়েলের ফিলন সামরিক ঘাঁটিতে শক্তিশালী মিসাইল হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। শনিবার ভোরে দক্ষিণ রশ পিনা অবৈধ বসতির কাছে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত তারা অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে অন্তত ৫৫ বার হামলা চালিয়েছে।
ফিলন ঘাঁটির পাশাপাশি জেবেল ওয়ার্দাহ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানেও জোরালো আক্রমণ চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া রাআস আল-নাকুরায় হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার বাহিনীর একটি নৌ-রাডার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
আল-তৈয়বা, আল-মারজ এবং আল-আদিসা অঞ্চলেও ইসরায়েলি সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে সংগঠনটি। হিজবুল্লাহর আগে থেকে দেওয়া সতর্কবার্তা অনুযায়ী, উত্তর ফিলিস্তিনের কিরিয়াত শমোনা বসতিতে সপ্তমবারের মতো রকেট হামলা চালিয়েছে তারা।
২ মার্চ থেকে লেবাননে নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ তাদের পাল্টা প্রতিরোধ কার্যক্রম ও প্রতিশোধমূলক অভিযান আরও জোরদার করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত কয়েক দিনের ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৮৮০ জন লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ হাজার ২০০-এর বেশি মানুষ।
সূত্র: প্রেস টিভি

