বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতির কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে তার আসন্ন সফর স্থগিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। বৈরুতে অবস্থান করে সরকারি কার্যক্রম তদারকি করার প্রয়োজনীয়তা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সালাম বলেন, দেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষাপটে আমি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে বৈরুতে থেকে সরকারের কাজ পরিচালনা করতে পারি।
এর আগে শুক্রবার লেবানন সরকারের একটি সূত্র সিএনএনকে জানিয়েছিল যে, ইসরায়েল লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত দেওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যেই নওয়াফ সালামের ওয়াশিংটন যাওয়ার কথা ছিল। তবে এই সফর এমন একসময়ে পেছানো হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা দুই সপ্তাহের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো টিকে আছে
যদিও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি বর্তমানে চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে।
সূত্র: সিএনএন

