ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসছে তুরস্ক। সংঘাত বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের কেন্দ্রে নিজেকে অবস্থান করানোর চেষ্টা করছে আঙ্কারা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইতোমধ্যে ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কাতার, মিসর, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনা মূলত যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করার প্রচেষ্টার অংশ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও কথা বলেছেন ফিদান। সেখানে তেহরানের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা বোঝার চেষ্টা করা হয়েছে এবং উত্তেজনা আরও না বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলো—বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটি অভিন্ন অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে আঙ্কারা, যাতে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়।
এদিকে, ধারণা করা হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি—জ্যারেড কুশনার বা স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ভবিষ্যতে কোনো আলোচনা শুরু হলে তারাই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।

