সংযুক্ত আরব আমিরাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে বসবাসকারী এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। এই প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
নিহতের পরিবারের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে দেশটি স্পষ্টভাবে বলেছে, বেসামরিক নাগরিক ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক নীতিমালার পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মন্ত্রণালয় বলেছে, আক্রান্ত দেশগুলোর নিরাপত্তা অবিভাজ্য এবং যেকোনো একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।
বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিবাদ মেটানোর রণক্ষেত্রে পরিণত করার প্রচেষ্টার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক সার্বভৌমত্বের ওপর এই ধরনের ক্রমাগত হস্তক্ষেপ বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে দেশটিকে সতর্ক করা হয়েছে। একইসাথে চলমান সংকট নিরসনে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সংযম প্রদর্শন ও কূটনৈতিক আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে যে, নিজ দেশের সার্বভৌমত্ব এবং নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা রক্ষায় যেকোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার তাদের রয়েছে। জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার প্রশ্নে দেশটি কোনো ধরনের আপস করবে না বলে পুনরায় ঘোষণা করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ

