ইরাকে দুর্ঘটনার শিকার হওয়া একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানের ছবি প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। ছবিতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত একটি কেসি–১৩৫ (KC-135) বিমান ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে দাঁড়িয়ে আছে এবং এর লেজের একটি অংশ ভেঙে গেছে।
সিএনএন–এর সহযোগী ইসরায়েলি গণমাধ্যম কান ছবিটি প্রকাশ করেছে। এতে দেখা যায়, তেল আবিবের কাছে অবস্থিত বিমানবন্দরের রানওয়েতে থাকা ওই বিমানের লেজের ফিনের একটি বড় অংশ অনুপস্থিত।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এ ঘটনার সময় আকাশে আরেকটি বিমান ছিল, যা পরে ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় অন্তত চারজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। সেন্টকম আরও জানায়, বিমানে থাকা আরও দুইজন ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে, তারাই যুক্তরাষ্ট্রের ওই কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকারটি ভূপাতিত করেছে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা দিয়ে বিমানটিকে নিশানা করলে সেটি ভূপাতিত হয়।
এদিকে বিমানটির গায়ে থাকা চিহ্ন থেকে জানা যায়, এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিল এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়ন করেছিল। ওই ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর রিজার্ভ কমান্ডের ৯৪০তম এয়ার রিফুয়েলিং উইং অবস্থান করে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো শত্রু বা মিত্রপক্ষের হামলার প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। উল্লেখ্য, যুদ্ধরত বিমানে জ্বালানি ভরায় দামি এই স্ট্র্যাটোট্যাংকারগুলোই মেরুদণ্ডের ভূমিকা পালন করে।

