ইরাকের মার্কিন ঘাঁটিতে মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র হামলা

0
ইরাকের মার্কিন ঘাঁটিতে মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে।

‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে পরিচিত একটি গোষ্ঠী এ হামলার দাবি করেছে। তারা জানিয়েছে, রবিবার তারা ইরাক ও আশপাশের অঞ্চলে ‘শত্রু ঘাঁটি’ লক্ষ্য করে ডজনখানেক ড্রোন হামলাও চালিয়েছে।

সিএনএনের সংবাদকর্মীরা ঘটনাস্থলে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা ভিডিও ধারণ করেছেন। ইরবিল বিমান ঘাঁটির কাছে আগুন ও ধোঁয়া উড়তে দেখা গেছে। এই ঘাঁটিতে মার্কিন সেনাদের একটি দল অবস্থান করছে। হামলার পর সেখানে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

তবে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। এটি সরাসরি হামলা ছিল, নাকি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে—তা নিশ্চিত হওয়া যায়নি। সিএনএনের ভিডিওতে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) চার সদস্য যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আজ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মিলিশিয়াটির মিডিয়া ডিরেক্টরেট এ তথ্য জানায়।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস হলো ইরান-সমর্থিত একটি আধাসামরিক বাহিনী। এটি  প্রধানত ইরাকভিত্তিক শিয়া সদস্যদের নিয়ে গঠিত।

মিডিয়া ডিরেক্টরেট জানায়, পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে পিএমএফের একটি ভবনে হামলা চালানো হয়। এতে চার যোদ্ধা নিহত হন। আজ বাগদাদে ওই চার সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল মানুষের উপস্থিতি ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here