ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ইয়াবা কারবারি এক যুবকের কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় ৮ পিস ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানার একটি দল উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়ক থেকে সুজন হাওলাদার (৩০) নামে এক যুবককে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান। তিনি জানান, এসআই রতন চন্দ্র হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের সময় সুজন হাওলাদার পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে এসআই রতন চন্দ্র হালদারের হাতে কামড় দেন। এতে তিনি আহত হন।
অভিযুক্ত সুজন হাওলাদার উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মো. সোবাহান হাওলাদারের ছেলে।
ওসি আরও জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

