ইথিওপিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

0
ইথিওপিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইথিওপিয়ার রাষ্ট্রপতি তায়ে আতকেসেলাসি মাদের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি এবং সাংস্কৃতিক আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে রাষ্ট্রপতি ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের নতুন সরকার ও জনগণকে অভিনন্দন জানান এবং সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিপুল বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে, বিশেষ করে আফ্রিকায় বাংলাদেশের অব্যাহত অবদানেরও প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্বের ওপর জোর দেন এবং তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যসহ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করেন।

তিনি রাষ্ট্রপতিকে ঢাকায় ইথিওপিয়ার দূতাবাস খোলার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রপতি ইথিওপিয়ায়, বিশেষ করে পোশাক ও ওষুধ খাতে বাংলাদেশি বিনিয়োগকে স্বাগত জানান।

তিনি বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করার জন্য ব্যবসায়িক পর্যায়ের সহযোগিতাসহ দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উভয় পক্ষ জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম), গ্রুপ অফ ৭৭ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। তারা বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতিকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here