বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবের অধ্যায়। প্রথমবারের মতো কোনো রক ব্যান্ড হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে এই ব্যান্ড দলটি।
একুশে পদকের খবরটি ওয়ারফেজ জানতে পারে একেবারে মঞ্চে ওঠার আগ মুহূর্তে। মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার ঠিক চার মিনিট আগে তারা এই সুখবর পান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া আবেগঘন পোস্টে ব্যান্ডটি জানায়, খবরটি শোনার পর তারা একে অপরকে জড়িয়ে ধরে আবেগে ভেঙে পড়েন।
ওয়ারফেজ জানায়, এই অর্জন শুধু তাদের নয় বরং পুরো দেশের ব্যান্ড সংগীতের জয়। পোস্টে তারা বলেন, ওয়ারফেজ তাদের সকল প্রাক্তন সদস্য, পরিবার, বন্ধু এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে থাকা সবার কাছে চিরঋণী। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এটি শুধু আমাদের জন্য মাইলফলক নয়, বরং সমগ্র বাংলা ব্যান্ড সংগীত কমিউনিটি ও ইন্ডাস্ট্রির জন্য বড় প্রাপ্তি।
ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে ব্যান্ডটি আরও বলে, আমাদের গান যারা ভালোবাসেন এবং আমাদের এই সম্মাননার যোগ্য করে তুলেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একুশে পদকের চূড়ান্ত তালিকার তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জানা যায়, গত বছরের জুলাই মাসের শেষ দিকে সরকার ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করে। একই বছরের ৩০ অক্টোবর পর্যন্ত নাম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়। দীর্ঘ যাচাই বাছাই শেষে প্রকাশিত চূড়ান্ত তালিকায় সংগীত বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছে ওয়ারফেজ।

