ইউরোপ যাওয়ার পথে আরও আটজনের প্রাণহানি

0
ইউরোপ যাওয়ার পথে আরও আটজনের প্রাণহানি

উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর স্বপ্ন আবারও রূপ নিয়েছে ভয়াবহ ট্র্যাজেটিতে। লিবিয়ার পুলিশ রাজধানী ত্রিপোলির কাছে উপকূলে ভেসে আসা পাঁচজন আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে। 

অন্যদিকে গ্রিস সরকারের তথ্যানুসারে, ক্রিট দ্বীপের উপকূলে পৃথক এক ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

লিবিয়ার একজন পুলিশ কর্মকর্তার তথ্যমতে, শনিবার দেশটির উপকূলীয় শহর কসর আল-আখইয়ারের বাসিন্দারা মরদেহগুলো দেখতে পান। কসর আল-আখইয়ার পুলিশ স্টেশনের তদন্ত প্রধান হাসান আল-ঘাভিল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহতদের সবাই কৃষ্ণাঙ্গ এবং তাদের মধ্যে দু’জন নারী ছিলেন।

তিনি আরও জানান, স্থানীয়রা সাগরের তীরে একটি শিশুর মরদেহ ভেসে আসতে দেখে, তবে ঢেউয়ের তোড়ে সেটি আবার সমুদ্রে তলিয়ে যায়। 

ঘাভিল বলেন, “আমরা মরদেহগুলো উদ্ধারের জন্য রেড ক্রিসেন্টকে খবর দিয়েছি। উদ্ধারকৃত দেহগুলো এখনও অক্ষত আছে এবং আমাদের ধারণা আরও মরদেহ উপকূলে ভেসে আসতে পারে।”

কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছিল, ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা শহরের উপকূলে ৫৫ জন আরোহী নিয়ে একটি রাবার বোট ডুবে যাওয়ার পর দুই শিশুসহ অন্তত ৫৩ জন অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ রয়েছেন।

এদিকে, শনিবার গ্রিস সরকার পূর্ব ভূমধ্যসাগরে আরেকটি উদ্ধার অভিযান পরিচালনা করছে। অ্যাথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, ক্রিট দ্বীপের উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ তিনটি মরদেহ উদ্ধার করেছে এবং অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করেছে।

বেঁচে যাওয়াদের মধ্যে অধিকাংশই মিসরীয় ও সুদানি নাগরিক এবং তাদের মধ্যে চারজন নাবালক রয়েছে। গ্রিসের রাষ্ট্রায়ত্ত টিভি ইআরটি’র তথ্যমতে, একটি বাণিজ্যিক জাহাজের উদ্ধার তৎপরতার সময় যাত্রীরা মই দিয়ে উপরে ওঠার চেষ্টা করলে কাঠের নৌকাটি উল্টে যায়।

গ্রিস কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, চারটি টহল বোট, একটি বিমান এবং ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের দুটি জাহাজের সাহায্যে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here