ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল স্লোভাকিয়া

0
ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল স্লোভাকিয়া

দ্রুজবা পাইপলাইন ঘিরে তেল সরবরাহ বিরোধের জেরে ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে স্লোভাকিয়া। সোমবার এ সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।

ইউক্রেনের দাবি, দ্রুজবা পাইপলাইনের ইউক্রেন অংশে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এত পাইপলাইনটি বিধ্বস্ত হয়েছে এবং মেরামত না করা হলে এই পাইপলাইন দিয়ে তেলের চলাচল সম্ভব নয়। এর ফলে গত ২৭ জানুয়ারি থেকে দ্রুজবা পাইপলাইনের ইউক্রেন অংশ দিয়ে স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে রাশিয়ার তেল প্রবাহ বন্ধ রয়েছে।  তবে দ্রুজবা পাইপলাইনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো।

এদিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া উভয়েই পাইপলাইন বন্ধের জন্য ইউক্রেনকে দায়ী করেছে। 

ফিকো এক বিবৃতিতে বলেন, স্লোভাকিয়ায় ঘোষিত ‘তেল জরুরি অবস্থা’র প্রেক্ষিতে “তাৎক্ষণিক প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা” হিসেবে বিদ্যুৎ সহায়তা স্থগিত করা হয়েছে। তেল পরিবহন পুনরায় শুরু হলে সিদ্ধান্ত প্রত্যাহারের ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি পরিস্থিতির উন্নতি না হলে ইউক্রেনের ইইউ সদস্যপদ আকাঙ্ক্ষায় সমর্থন পুনর্বিবেচনা করার সতর্ক করেন তিনি। তবে স্লোভাকিয়ার বিরোধী দল সরকারের এমন পদক্ষেপে নিন্দা জানান।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা উভয় দেশকে গঠনমূলক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণে ফেরার আহ্বান জানিয়েছেন। 

উল্লেখ্য, ১৯৬৪ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে রাশিয়া থেকে ইউক্রেন, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও জার্মানিতে সরাসরি তেল সরবরাহের জন্য দ্রুজবা পাইপলাইন তৈরি করা হয়েছিল। 

সূত্র : এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here