ইউক্রেনে ফের শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা

0
ইউক্রেনে ফের শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে শব্দের গতির চেয়ে ১০ গুণের বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। মস্কো বলছে, গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টার জবাবে এ হামলা চালানো হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনী জানায়, এটি দ্বিতীয়বারের মতো মধ্যম-পাল্লার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে দাবি করেন, অত্যন্ত উচ্চগতির কারণে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা হয়েছে। তাদের দাবি, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল একটি ড্রোন উৎপাদন কারখানা, যেখানকার ড্রোন নাকি পুতিনের বাসভবনে হামলার চেষ্টায় ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি জ্বালানি অবকাঠামোও লক্ষ্য করা হয়।

রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওরেশনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। তবে রাতের এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড সংযোজিত ছিল কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি মস্কো।

ইউক্রেনের লভিভ অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিৎসকিই বলেন, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় রুশ হামলা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিশাল গ্যাস সংরক্ষণাগারসহ স্ট্রিই নামের একটি গ্যাসক্ষেত্রই হামলার মূল লক্ষ্য ছিল।

এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সীমান্তের কাছাকাছি এলাকায় ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা ইউরোপীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। তিনি রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানান। কিয়েভ রাশিয়ার এই হামলাকে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টাকেও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।

প্রসঙ্গত, রাশিয়ার দাবি অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর নভগোরোদ অঞ্চলে পুতিনের একটি সরকারি বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে ইউক্রেন। তবে রুশ সেনাবাহিনী সেগুলো প্রতিহত করেছে বলে দাবি করা হয়। ইউক্রেন শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, পুতিনের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি বিশ্বাস করেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here