ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলেই পাল্টা পারমাণবিক হামলা, হুঁশিয়ারি রাশিয়ার

0
ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলেই পাল্টা পারমাণবিক হামলা, হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স কিয়েভকে পারমাণবিক ওয়ারহেড দিলে তা সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেয়ার শামিল হবে, যার জবাবে রাশিয়া ‘নন-স্ট্র্যাটেজিক’ পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি একথা বলেন। দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, লন্ডন ও প্যারিস এমন পদক্ষেপ নিলে মস্কোও কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ক্রেমলিন বলছে, এতে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ব্যবস্থাই হুমকির মুখে পড়বে।

তার  মতে, ব্রিটেন ও ফ্রান্স যদি ইউক্রেনকে পারমাণবিক ওয়ারহেড দেয়, তাহলে রাশিয়া নন-স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। 

দিমিত্রি মেদভেদেভ বলেন, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআরের দেয়া তথ্য চলমান পরিস্থিতিকে আমূল বদলে দিচ্ছে। ওই তথ্যে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেয়ার গোপন পরিকল্পনায় যুক্তরাজ্য ও ফ্রান্স জড়িত বলে বিস্ফোরক অভিযোগ সামনে আনা হয়েছে।

এর আগে মঙ্গলবারই রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর অভিযোগ করে, ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দিতে চায়। তাদের দাবি, এমন পদক্ষেপ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান শক্তিশালী করতে পারে মনে করেই এই পথে হাঁটার কথা ভাবছে ব্রিটেন ও ফ্রান্স।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সহযোগী বলা হয়ে থাকে দিমিত্রি মেদভেদেভকে। ২০১২ সাল থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেদভেদেভ রাশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়া ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here