আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

0
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস’র নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন।

আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, সংসদ নির্বাচন, সংস্কার ও সংবিধান সংশোধন বিষয়ক প্রশ্নে আলী রীয়াজ বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং জনগণের অধিকার রক্ষা করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে।’

তিনি আরও জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় ৯ মাস ধরে আলোচনার পর জুলাই সনদ প্রণীত হয়েছে এবং দলগুলো এতে সাক্ষর করেছে। ড. রীয়াজ আশা প্রকাশ করেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ আরও মজবুত হবে। এ প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের সমর্থন কামনা করেন তিনি।

এসময় ইইউ প্রতিনিধি দলনেতা ইভারস ইজাবস বলেন,’বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন অব্যাহত সমর্থন প্রদান করবে। আমরা গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি বরাবরের মতো শ্রদ্ধাশীল। অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণভোট আয়োজনের উদ্যোগকে আমরা সমর্থন করি।’

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন এক যাত্রা শুরু হবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মি. মার্সেল নাগি, মি. ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি ও মিসেস অ্যান মার্লবরো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here