আর্জেন্টিনার জয়েও অসন্তুষ্ট কোচ স্কালোনি

0
আর্জেন্টিনার জয়েও অসন্তুষ্ট কোচ স্কালোনি

নিজেদের মাঠ লা বোম্বোনেরায় মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে এই জয় সত্ত্বেও জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি সন্তুষ্ট নন। স্কালোনি মেনে নিয়েছেন, তার দল প্রথমার্ধে ভালো খেলতে পারেনি এবং এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘ম্যাচটা সত্যিই ভালো হয়নি, এটাই বাস্তবতা। তবে এই পারফরম্যান্স থেকে অনেক কিছু শেখা যায়। দল আজ ভালো খেলেনি, এটা বলা এবং ঠিক করা আমাদের জন্য প্রয়োজন।’

প্রীতি ম্যাচে স্কালোনি প্রথম একাদশে লিওনেল মেসি, রদ্রিগো দি পল ও লিওনন্দ্রো পারেদেসকে বিশ্রামে রেখেছিলেন। কোচ বলেন, ‘কখনও কখনও আমরা কিছু ভিন্ন চেষ্টা করি, তখন দলের পারফরম্যান্সে প্রভাব পড়ে, বিশেষ করে সময় সীমিত থাকলে।’

ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোল আসে এনজো ফার্নান্দেজের সৌজন্যে। পরবর্তীতে নিকো পাজ একটি দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করেন। জাতীয় দলে প্রথম গোলের অভিজ্ঞতা নিয়ে পাজ বলেন, ‘গোল এমন কিছু যা কখনও ভুলে যাওয়া যায় না। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি এবং আজ সেটা সত্যি হলো। মেসির সঙ্গে তুলনা করা কঠিন, তবে গোল করতে পেরে আমি খুব খুশি।’

স্কালোনি বিশ্বকাপের প্রতিপক্ষ নিয়েও মন্তব্য করেন, ‘আমরা কিছুটা আমাদের বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বীদের খেলা দেখেছি। তারা শক্তিশালী, কারণ তারা শতভাগ দিয়ে খেলছে। এমন টুর্নামেন্টে ছোট ছোট বিষয়ই ফলাফল ঠিক করে। সৌভাগ্যক্রমে আমরা প্রস্তুত, শেষ বিশ্বকাপে অভিজ্ঞতা পেয়েছি।’

এসিএল চোটে দলের স্ট্রাইকার জোয়াকুইন পানিচেল্লি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কোচ, ‘গতকাল যা ঘটলো খুবই দুঃখজনক। সে চমৎকারভাবে অনুশীলন করছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here