আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে হাঁটল সেনেগাল জাতীয় ফুটবল দল। দেশটির ফুটবল ফেডারেশন ফাইনালের ফল পরিবর্তনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে।
গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে ১-০ গোলে জয় পেয়েছিল সেনেগাল। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়ে পাপ গেয়ির একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে দলটি।
ম্যাচের শেষ দিকে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয়, যখন মরক্কো কর্নার পায় এবং ব্রাহিম দিয়াস ডি-বক্সে ফাউলের শিকার হন। ভিএআরের সহায়তায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে সেই পরিস্থিতি ঘিরে মাঠে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কিছু সময় খেলা বন্ধ থাকে। পরে খেলা পুনরায় শুরু হলে জয় ধরে রাখে সেনেগাল।
কিন্তু পরবর্তীতে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এক বিবৃতিতে জানায়, সেনেগাল নাকি ম্যাচ বর্জন করেছিল। সেই অভিযোগে ম্যাচের ফল ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে ঘোষণা করা হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সেনেগাল ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে। বিষয়টি নিয়ে তাদের আইনজীবীরা প্যারিসে সংবাদ সম্মেলন করবেন।
এদিকে সেনেগাল সরকার এই সিদ্ধান্তকে ‘চরম বেআইনি’ বলে উল্লেখ করেছে এবং পুরো ঘটনায় সম্ভাব্য দুর্নীতির অভিযোগ তুলে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

