আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা পাকিস্তানের স্পিনারের

0
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা পাকিস্তানের স্পিনারের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলে আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক লেগস্পিনার উসমান কাদির। এক্সে দেওয়া এক বার্তায় সব সংস্করণে জাতীয় দলের জন্য নিজেকে উন্মুক্ত করার কথা জানান তিনি।

৩১ বছর বয়সী এই স্পিনার ২০২৪ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন। তবে অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক পারফরম্যান্স এবং পরিবারের অনুপ্রেরণায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

বার্তায় উসমান কাদির বলেন, গভীরভাবে চিন্তা-ভাবনা এবং অস্ট্রেলিয়ায় সফল সময় কাটানোর পর তিনি অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এখানে ৪১ উইকেট নেওয়ার অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে এবং বুঝতে পেরেছেন এখনও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখার মতো সামর্থ্য রয়েছে।

পারিবারিক ঐতিহ্যের কথাও উল্লেখ করেন তিনি। তার বাবা, পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আবদুল কাদির–এর অবদান তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে বলে জানান উসমান। পরিবারের সঙ্গে আলোচনা করেই দেশের হয়ে আবার খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, শুরু থেকে কঠোর পরিশ্রম করে আবারও জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান এবং পাকিস্তান ক্রিকেটের জন্য সর্বোচ্চটা দিতে প্রস্তুত।

আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেছেন উসমান কাদির, যেখানে নিয়েছেন একটি উইকেট। টি–টোয়েন্টিতে ২৫ ম্যাচে তার শিকার ৩১ উইকেট। আবারও দলে ফিরতে হলে তাকে নতুন করে নিজেকে প্রমাণ করতে হবে বলেও উল্লেখ করেন এই লেগস্পিনার।

২০২৩ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সর্বশেষ পাকিস্তানের জার্সি গায়ে তুলেছিলেন উসমান। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার শিকার ৩২ উইকেট। অবসরের আগে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান জাতীয় দলে জায়গা না পাওয়ার জন্য সাবেক টেকনিক্যাল ডিরেক্টর মোহাম্মদ হাফিজকে দায়ী করেছিলেন উসমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here