আজ বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, আসল-নকল চিনবেন যেভাবে

0
আজ বাজারে আসছে ১০ টাকার নতুন নোট, আসল-নকল চিনবেন যেভাবে

নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ থেকে প্রচলন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের নতুন এই নোট প্রথমবারের মতো বাজারে দেওয়া হবে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে একই সিরিজের ১ হাজার, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে সব মূল্যমানের নতুন নোট বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মি.মি. x ৬০ মি.মি.। নোটের সম্মুখভাগের বামপাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছনভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি মুদ্রিত আছে।

নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘10’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে।

নোটটির সম্মুখভাগে বামপাশে ২ মি.মি. চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে যাতে ‘৳১০ দশ টাকা’ খচিত রয়েছে; যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। এছাড়া, নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়। নোটটিতে গভর্নরের স্বাক্ষরের ডানপাশে See-Through image হিসেবে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে; যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দৃশ্যমান হবে।

এছাড়া নোটের সম্মুখভাগের উপরে বাংলাদেশ ব্যাংক লেখার নিচে সমান্তরালভাবে এবং পেছনভাগের বামদিকের গ্রিডিশ প্যাটার্নের বাহিরের অংশে Microprint হিসেবে ‘BANGLADESH BANK’ মুদ্রিত রয়েছে। ​নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ১০ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট এবং ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here