আকাশসীমা বন্ধ, ভারত থেকে দেশে ফেরা বিলম্বিত হচ্ছে জিম্বাবুয়ে দলের

0
আকাশসীমা বন্ধ, ভারত থেকে দেশে ফেরা বিলম্বিত হচ্ছে জিম্বাবুয়ে দলের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষে দেশে ফেরার পথে জিম্বাবুয়ে দলের ক্রিকেটাররা বিলম্বের মুখোমুখি হয়েছেন। আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ থাকায় আপাতত ভারতে অবস্থান করবেন সিকান্দার রাজারা।

দিল্লিতে রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে জিম্বাবুয়ের। তাদের এবং অন্যান্য দলের দেশে ফেরার বিকল্প পথ খুঁজছে টুর্নামেন্ট আয়োজকরা।

মূল পরিকল্পনা অনুযায়ী, জিম্বাবুয়ে দলের কিছু ক্রিকেটার সোমবার ভোরে এবং বাকিরা দিনের পরের দিকে দেশে ফেরার কথা ছিল। এ জন্য এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট বুক করা হয়েছিল, যাতে তারা দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে পৌঁছাতে পারবে। তবে বর্তমানে অন্যান্য এয়ারলাইন্স এবং রুট বিবেচনা করা হচ্ছে।

জিম্বাবুয়ে কোচ জাস্টিন স্যামন্স বলেন,’না, আমি এমন কিছু শুনিনি। আমরা যখন ম্যাচ শুরু করি, তখন এসব কিছুই ছিল না। আমরা কেবল ম্যাচের ওপর মনোযোগ দিয়েছি, তাই আমি কিছু শুনিনি।’

এদিকে, পাকিস্তান দল সুপার এইটে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে জিতে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে ফিরেছে।

কলকাতায় রবিবার সুপার এইটের শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ হারা হলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে ক্যারিবীয়দের।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এরপর ইরান পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে। এর প্রভাবে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যায়, ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তনের প্রয়োজন হয়।

আইসিসি শনিবার একটি বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট সবার ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প পরিকল্পনা কার্যকর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here