আইপিএল থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার, কঠোর শাস্তি দাবি গাভাস্কারের

0
আইপিএল থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার, কঠোর শাস্তি দাবি গাভাস্কারের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর ঠিক আগে বিদেশি খেলোয়াড়দের নাম প্রত্যাহারের প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি মনে করেন, বর্তমানে দুই বছরের নিষেধাজ্ঞার নিয়ম যথেষ্ট নয় এবং খেলোয়াড়দের জন্য আরও কঠোর শাস্তির ব্যবস্থা থাকা প্রয়োজন।

বর্তমান নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কোনো খেলোয়াড় চোট বা জরুরি মেডিকেল কারণে ছাড়া নাম প্রত্যাহার করলে পরবর্তী দুই মৌসুমের জন্য আইপিএলে অংশগ্রহণ করতে পারবে না। তবে হ্যারি ব্রুক ও বেন ডাকেটের সাম্প্রতিক সিদ্ধান্তে এই নিয়মের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘দুই বছরের নিষেধাজ্ঞা স্পষ্টতই কার্যকর হচ্ছে না। খেলোয়াড়দের ওপর এমন প্রভাব তৈরি করতে হবে যাতে তাদের ক্যারিয়ার বা আইপিএলে ফেরার সুযোগে বড় কোনো ধাক্কা লাগে। তখনই এই প্রবণতা বন্ধ হবে।’

দিল্লি ক্যাপিটালস এবার ২ কোটি রুপিতে ডাকেটকে দলে নিয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ এবং টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়ার অজুহাতে আইপিএল শুরুর আগে তিনি নাম প্রত্যাহার করেন। গাভাস্কার মন্তব্য করেন, “ডাকেট হয়তো ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ভালো পারিশ্রমিক পাওয়ায় আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। এখন তিনি টেস্টে মনোযোগ দেবার অজুহাত দেখালেও ফ্র্যাঞ্চাইজিগুলোর কী হবে?”

গত মৌসুমে হ্যারি ব্রুক ৬.২৫ কোটি রুপিতে দল পেয়েছিলেন, কিন্তু নাম প্রত্যাহার করে বর্তমানে দুই বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন। ডাকেটের ক্ষেত্রেও একই শাস্তি কার্যকর হবে।

আইপিএলের ১৯তম সংস্করণ গতকাল থেকে শুরু হয়েছে। একের পর এক বিদেশি খেলোয়াড় নাম প্রত্যাহার করায় ফ্র্যাঞ্চাইজিগুলো সমস্যায় পড়েছে। দিল্লি ক্যাপিটালসকে বর্তমানে ২৪ জনের স্কোয়াড নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here