আইপিএলে বেঞ্চে থাকা খেলোয়াড়দের ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা

0
আইপিএলে বেঞ্চে থাকা খেলোয়াড়দের ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা

আইপিএলে ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের জন্য নতুন নিয়ম জারি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ নিয়মে ম্যাচের সময় বেঞ্চে থাকা খেলোয়াড়রা মাঠের চারপাশে ঘোরাঘুরি করতে পারবেন না।

অতিরিক্ত খেলোয়াড়দেরও মাঠে প্রবেশের অনুমতি নেই, যদি না তারা ম্যানেজমেন্ট কর্তৃক ঘোষিত টিম শিটে থাকা ১৬ জনের মধ্যে থাকেন। এটি ম্যাচ খেলার শর্তাবলীতে (এমপিসি) সর্বশেষ সংযোজন, যা আগে দলগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছিল।

বিসিসিআইয়ের নতুন নিয়মের সঠিক কারণ স্পষ্ট নয়। তবে সম্প্রতি বিসিসিআই এবং আইপিএল ম্যানেজমেন্ট টিম ম্যানেজারদের নির্দেশ দিয়েছে বদলি খেলোয়াড়দের যারা নির্ধারিত ১৬ জনের অংশ নন, তারা পানি ব্যাট নিয়ে বা বার্তা পৌঁছে দেওয়ার জন্য মাঠে প্রবেশ করতে পারবেন না।

এছাড়াও পাঁচজনের বেশি খেলোয়াড় বাউন্ডারি রোপের চারপাশে ঘোরাফেরা করতে পারবেন না। এই পাঁচজন মনোনীত ১৬ জন বা দলের বাকি সদস্যদের মধ্য থেকে হতে পারেন, তবে যেকোনো সময়ে পাঁচজনের বেশি নয়। সাধারণত তাদের পানীয় বহন করতে বা বাউন্ডারিতে মারা বল ফেরত পাঠাতে দেখা যায়।

আইপিএল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ম্যাচের সময় কোনো বদলি খেলোয়াড় মাঠে ঘোরাফেরা করতে পারবে না। তাদের মাঠে পানীয় নিয়ে যাওয়ারও অনুমতি নেই। শুধুমাত্র ম্যাচের জন্য ঘোষিত দলে থাকা ১৬ জনই তা করতে পারবে। এর পাশাপাশি খেলার একাদশের বাইরে থেকে মাত্র পাঁচজন ঘোরাফেরা করতে পারবে। বাকিরা ডাগআউটে বসতে পারবে, কিন্তু বাউন্ডারি লাইন এবং এলইডি বিজ্ঞাপন বোর্ডের মধ্যে চলাচল করতে পারবে না। সাধারণত একটি স্কোয়াডে ২৫ জন পর্যন্ত খেলোয়াড় থাকে, যাদের মধ্যে ১৬ জনের নাম ম্যাচের টিম শিটে থাকে।

সর্বশেষ এই নিয়মটি হলো এমপিসি-র ১১.৫.২ এবং ২৪.১.৪-এর মতো দুটি প্রাসঙ্গিক বিদ্যমান ধারাকে আরও কঠোর করা। খেলার শর্তাবলীর ১১.৫.২ ধারায় বলা হয়েছে, কোনো খেলোয়াড়কে মাঠের সীমানার ধারে অথবা উইকেট পতনের পর পানীয় দেওয়া যেতে পারে, তবে শর্ত হলো এতে খেলার সময় নষ্ট হবে না। আম্পায়ারদের অনুমতি ছাড়া অন্য কোনো পানীয় মাঠে আনা যাবে না। মাঠে পানীয় নিয়ে আসা যেকোনো খেলোয়াড়কে যথাযথ ক্রিকেট পোশাকে সজ্জিত থাকতে হবে।

২৪.১.৪ ধারায় বলা হয়েছে, ফিল্ডিং বা ব্যাটিং দলের যে সকল সদস্য ম্যাচে খেলছেন না এবং যারা বদলি ফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন না, তাদের খেলার মাঠে (বাউন্ডারি এবং সীমানার বেড়ার মধ্যবর্তী এলাকাসহ) থাকাকালীন একটি টিম ট্রেনিং বিব পরতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here