আইপিএলে খেলার আশা শেষ লঙ্কান লেগ স্পিনারের

0
আইপিএলে খেলার আশা শেষ লঙ্কান লেগ স্পিনারের

ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে অনিশ্চয়তার অবশেষে সমাপ্তি। না, আইপিএলে ফেরার দিনক্ষণ ঠিক হয়নি তার, বরং নিশ্চিত হয়েছে ছিটকে পড়া। এবারের আইপিএলে দেখা যাবে না শ্রীলঙ্কান লেগ স্পিনারকে। দ্রুতই তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করবে লাক্ষ্নৌ সুপার জায়ান্টস।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বদলি ক্রিকেটারটি হতে পারেন দক্ষিণ আফ্রিকার স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডা। দেশের বাইরে ছয়টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আইপিএলে তার অভিষেক হয়নি এখনও।

এবারের আইপিএল নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে দলে নেয় লাক্ষ্নৌ। তবে দলের সঙ্গে তিনি যোগ দিতে পারেননি। সবশেষ তাকে মাঠে দেখা গেছে গত ৮ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচ খেলেই ছিটকে পড়েন শ্রীলঙ্কার বোলিং আক্রমণের মূল অস্ত্র। সেই চোট তাকে এখনও মাঠের বাইরেই রাখছে। কবে তিনি আইপিএলে যোগ দিতে পারবেন, তা নিয়ে পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছিল না।

সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেটের তত্ত্বাবধানে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দেননি ২৮ বছর বয়সী ক্রিকেটার, যা আইপিএলের অনাপত্তিপত্র পাওয়ার একটি আবশ্যিক শর্ত ছিল। এতে তাকে নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের সময় বৃহস্পতিবার তার ছিটকে পড়া নিশ্চিত করেন লাক্ষ্নৌর ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি।

তিনি জানান, “সে (হাসারাঙ্গা) যে আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না, সেই পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। তার বিকল্প খুঁজছি আমরা, যা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।”

তার সম্ভাব্য বিকল্প লিন্ডা গত মাসে নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে চার ইনিংসে বোলিং করে উইকেট নিয়েছেন মোটে একটি। হাসারাঙ্গার মতো ‘এক্স ফ্যাক্টর’ বা বোলিংয়ে অতটা বৈচিত্র তার নেই। তবে আঁটসাঁট বোলিং, আগ্রাসী ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিং মিলিয়ে টি-টোয়েন্টিকে বেশ কার্যকর ক্রিকেটার তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here