আর মাত্র ৮টি উইকেট পেলেই আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়বেন সুনীল নারাইন। চলতি মৌসুমেই ২০০ উইকেট পূর্ণ করার সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এই তারকা অলরাউন্ডারের সামনে। সফল হলে তিনি আইপিএলের ইতিহাসে প্রথম ২০০ উইকেটে বিদেশি বোলার হবেন।
এক যুগ আগে গায়ানা থেকে এসে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক হয়েছিল নারাইনের। ‘মিস্ট্রি স্পিনার’ হিসেবে শুরু করলেও সময়ের সঙ্গে তিনি হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। টানা ১৫ মৌসুম ধরে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে আইপিএলের দলবদলের যুগে এক বিরল দৃষ্টান্ত গড়েছেন তিনি।
অভিষেক মৌসুমেই ২৪ উইকেট নিয়ে দলকে প্রথম শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন নারাইন। এরপর থেকে দলের নেতৃত্বে একাধিক পরিবর্তন এলেও গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক, এউইন মরগান, শ্রেয়াশ আইয়ার হয়ে বর্তমানে আজিঙ্কা রাহানে, নারাইন রয়েছেন একইভাবে ধারাবাহিক।
এ পর্যন্ত দলের হয়ে ১৮৯ ম্যাচে ১৯২ উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন একবার এবং ৪ উইকেট নিয়েছেন সাতবার। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ১২২ ইনিংসে করেছেন ১৭৮০ রান, এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও সাতটি অর্ধশতক।
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কেবল ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল (২২১ উইকেট)। ভুবনেশ্বর কুমার ১৯৮ উইকেট নিয়ে এই তালিকার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন।
একসময় বিদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ডোয়াইন ব্রাভো (১৮৩ উইকেট)। এবারের আসরে তিনি দলের সঙ্গে যুক্ত থাকবেন, তবে খেলোয়াড় হিসেবে নয়, পরামর্শক হিসেবে।
২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ আইপিএল যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। এরপর ২, ৬ ও ৯ এপ্রিল তাদের প্রতিপক্ষ যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

