আইএসবিএমের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
আইএসবিএমের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ইন্টারন্যাশনাল সোসাইটি অব বাংলাদেশ-অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্টস (আইএসবিএম) সফলভাবে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে জুম প্ল্যাটফর্মে ‘সেলেব্রেটিং উইমেন হু শেপ সায়েন্স’ শীর্ষক একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করে। এ ওয়েবিনারে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান নারী বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে দুজন বিশিষ্ট নারী বিজ্ঞানীর গবেষণা প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি নারী বিজ্ঞানীদের বর্তমান অবস্থান, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আয়োজনে বিভিন্ন দেশ থেকে প্রায় ১১০ জন অংশগ্রহণকারী, শিক্ষার্থী ও পেশাজীবী যুক্ত হন।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেন আইএসবিএমের কার্যকরী পরিষদের সদস্য প্রফেসর ড. সংগীতা আহমেদ, ড. নাদিয়া সুলতানা দীন, ড. সালমা আক্তার, ফাহমিনা জাহান মুনা এবং আইএসবিএম ফেলো জনাব নাজমুস সাকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব তাসনিমুল আরাবি অনিক (প্রভাষক, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ) এবং নাজিফা তাসনিম (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়)।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইএসবিএমের সভাপতি ড. শেখ সেলিম। তিনি গবেষণা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বিজ্ঞানসমাজে আইএসবিএমের ভূমিকা তুলে ধরেন।

বৈজ্ঞানিক অধিবেশনে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. কলিন ক্রাফট (অধ্যাপক, প্যাথলজি এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগ, এমরি ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র), যিনি মানবস্বাস্থ্যে অন্ত্রের মাইক্রোবায়োটার ভূমিকা এবং নারী বিজ্ঞানী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। 

ড. মুনাওয়ার সুলতানা (প্রফেসর, অণুজীববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), যিনি বৈজ্ঞানিক যোগাযোগ, দলগত কাজ এবং গবেষণা জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন

ড. ফারজানা দিবা (মুখ্য গবেষণা কর্মকর্তা, ইনস্টিটিউট অব টিস্যু ব্যাংকিং অ্যান্ড বায়োমেটেরিয়াল রিসার্চ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন), যিনি তার গবেষণা যাত্রা এবং টিস্যু ব্যাংক গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন

রুবাইয়া তারান্নুম শাথি, পিএইচডি শিক্ষার্থী (ইউনিভার্সিটি অব ভারমন্ট, যুক্তরাষ্ট্র), যিনি একজন নবীন গবেষক হিসেবে চ্যালেঞ্জ অতিক্রমের অভিজ্ঞতা শেয়ার করেন।

উক্ত ওয়েবিনারে আইএসবিএম বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্য এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, বাংলাদেশের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ড. সেজুতি সাহাকে সম্প্রতি সাবিন রাইজিং স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জনের জন্য অভিনন্দন ও বিশেষ সম্মাননা জানানো হয়। 

ড. সাহা তার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের সকল স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা টাইফয়েড টিকাদান কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, এই অর্জন তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

সমাপনী বক্তব্যে আইএসবিএমের সাংগঠনিক সম্পাদক ড. নাদিয়া সুলতানা দীন অভিমত প্রকাশ করেন যে, একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম হিসেবে আইএসবিএম নারী বিজ্ঞানীদের সাফল্য উদযাপন, গবেষণায় উৎকর্ষতা অর্জন এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here